যে কথাগুলো নিজেকে মনে করিয়ে দেয়া প্রয়োজন -- ১। জীবন সবসময় সরলরেখায়… — Writing-Therapy🌻 — TG.ME

যে কথাগুলো নিজেকে মনে করিয়ে দেয়া প্রয়োজন --

১। জীবন সবসময় সরলরেখায় চলবে না। সব দিন সমান হবে না। তবুও তো কিছুই কারো জন্য থেমে থাকে না। ধীরে ধীরে চলাও তো একরকমের চলা। ছোট ছোট কদমও একদিন বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার চেষ্টাটুকুও দেখছেন।

২। কখনো কখনো আমার মন খুব এলোমেলো হয়ে যায়। কিন্তু আমার জীবনের সবকিছু এলোমেলো হয়ে গেলেও আল্লাহর পরিকল্পনা কখনো এলোমেলো হয় না। আমি সব না বুঝলেও, তিনি সবকিছু নিখুঁতভাবেই সাজিয়ে দিচ্ছেন।

৩। আজকে হয়তো আমি নিজের চোখে নিজের ভেতরের সৌন্দর্য, সম্ভাবনা বা অগ্রগতি কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু আল্লাহ এমন অনেক কল্যাণ আমার ভেতরে রেখে দিয়েছেন, যা জায়গামতন রয়েছে এবং সময়মতন ঠিকই ফুটে উঠবে। আমি হাল ছেড়ে দিবো না।

৪। আমি যা যা কষ্টের ভেতর দিয়ে যাচ্ছি, তা কোনটাই বৃথা না। এই কঠিন সময় আমার ঈমান, ধৈর্য, দুআ, আর আল্লাহর দিকে ফিরে আসাঢ় চেষ্টাকে আরো গভীর করছে। প্রতিটি অশ্রুরও হিসাব আছে আমার রবের কাছে।

৫। আমার জীবনে যা হারিয়ে গেছে, তার জন্য মন খারাপ হতেই পারে, আমার মন কাঁদতেই পারে। সাথে সাথে আমি এটাও মনে রাখি, আল্লাহ যখন কিছু আমার জীবন থেকে সরিয়ে দেন, তখন অনেক সময় তার জায়গা খালি রাখেন না; বরং আরো কল্যাণকর কিছু রাখার জন্যই জায়গা তৈরি করেন।

৬। আমার গুরুত্ব যদি কেউ না বুঝে, তাতেই কিন্তু আমার মূল্য কমে যায় না। আমার সম্মান, আমার মর্যাদা, আমার বিশ্বাস, আমার সংগ্রাম—সবকিছুই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ যদি ভালো নিয়তে করি।

৭। কোনো দুআই আকাশে মিলিয়ে যায় না। আল্লাহ সঠিক সময়, সঠিক পদ্ধতিতে, সঠিক ফলাফলের মাধ্যমে উত্তর দেন। আমার কাজ হলো দরজায় কড়া নাড়া বন্ধ না করা।

৮। আমি হয়তো বহুবার ভেঙে পড়েছি, কিন্তু প্রতিবার উঠে দাঁড়ানোর তাওফীকও তো আল্লাহই দিয়েছেন। তাহলে এবারও তিনি আমাকে সামলে নেবেন, ইনশাআল্লাহ। আমি আমার রবকে নিয়ে ভালো ধারণাই রাখি।

৯। আজকে আমার চারপাশে অন্ধকার বেশি মনে হতে পারে। কিন্তু আমি জানি, অন্ধকার মানেই পথ শেষ না। অনেক সময় আলো আসার আগের সময়টাই সবচেয়ে নীরব, সবচেয়ে কালো এবং সবচেয়ে কঠিন হয়। আমি অপেক্ষা করবো, আশা রাখবো ইনশাআল্লাহ।

১০। আমি অন্য কারো জীবনের সাথে নিজের জীবনের তুলনা করে ক্লান্ত হবো না। আল্লাহ আমাকে নিয়ে আলাদা একটা গল্প লিখছেন। আলাদা পরীক্ষা, আলাদা সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন আমার জীবনের পরিকল্পনা। আমার পথও আলাদা, আর আমার রবই আমার জন্য যথেষ্ট।

#রাইটিং_থেরাপি
#একগুচ্ছ_প্রশান্তি
শারিন
❤36
August 31, 2026 487 11