কলেজে পড়ার সময়ে গণিতের প্রচুর সূত্র জানা লাগসে। মাথায় রাখা লাগসে সব। একেকটা প্রব্লেম সলভ করতে গেলে, সবগুলো সূত্র থেকে বেছে বেছে যথাযথ সূত্রগুলো এপ্লাই করে করে কাংখিত সমাধানে পৌছানোর চেষ্টা করা লাগসে। এরপরে, ধৈর্যের সাথে প্রতিটা স্টেপ ঠান্ডা মাথায় সঠিকভাবে করতে পারলেই কেবল মিলতো আরাধ্য সমাধান। আর বুকের ভেতর বেজে উঠতো ছলছল আনন্দের কলধ্বনি।
তোমার জীবনের প্রতিটা ঘটনা, প্রতিটা অনুভূতি আল্লাহই সৃষ্টি করেন। প্রতিটা ঘটনা আর অনুভূতিই তোমার জন্য আল্লাহকে আরো ভালভাবে চিনবার, তাওহীদকে আরো তীব্রভাবে এক্সপেরিয়েন্স করবার সূবর্ণ সুযোগ নিয়ে আসে। এখানে প্রতিটা ঘটনাই আসলে একেকটা ম্যাথ প্রব্লেমের মতোন, যেটা ঠান্ডা মাথায় সমাধান করে করে তাওহীদের একেকটা অংশে পৌছানোর কথা। তাওহীদের একেকটা মাত্রা আর একেকটা এঙ্গেলের বাস্তব অভিজ্ঞতা পাবার কথা।
আর ঠিক এই কারণেই, নিজে গাইডেড থাকার জন্যই, তোমার মাথায় পুরো কুরআন থাকাটা খুব বেশি জরুরী। পুরো সীরাত ও সংশ্লিষ্ট হাদীসগুলো জানা থাকাটা জরুরী। জরুরী ইসলামের ফরজ জ্ঞানগুলো একাডেমিক্যালি উলামায়ে কিরাম থেকে ধাপে ধাপে 'বুঝে' নেয়া।
এখন তোমার মাথায় যদি এগুলো সব একসাথে সঠিকভাবে গুছানো না থাকে, উসূলগুলো যদি না জানো, তুমি বুঝবাই না যে, তোমার চিন্তার কোন সূত্রটা এপ্লাই করা ভুল, কোন সমাধানটা কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এই না জানার ফলে, তুমি ভুল চিন্তা করে করে, বারবার ভুল সমাধানে পৌছাবা। কিন্তু সেটা ধরতেই পারবা না। এরোগ্যান্স তোমাকে আগাপাশতলা গ্রাস করে ফেলবে, অথচ তুমি মনে করবা যে, তুমিই হচ্ছো বিনয়ের সর্বশেষ অবতার!
কিন্তু যদি তোমার জানা থাকে সব, এপ্লাই করতে থাকো যথাসাধ্য মনোযোগ আর তীক্ষ্ম ধৈর্য দিয়ে, জীবনের প্রতিটা অংক কষতে থাকো বছরের পর বছর ধরে, হাল যদি না ছাড়ো, আর সত্যকে আরেকটু গভীরভাবে বুঝার, উপলব্ধি করার চেষ্টা করতে থাকো, তাহলে তোমার অন্তরে এমন সব সমাধান উদ্ভাসিত হবে যে, তুমি নিজেই টের পাবা, এতো বছরের না বুঝা টেক্সটগুলোর ভিতরে যে কতশত মূল্যবান রত্ন লুকিয়ে ছিলো!
এই মূল্যবান রত্নগুলো তুমি বইতে পাবা না, লেকচারে পাবা না, পাবা শুধু তোমার জীবনখাতার অংকের পাতায়। নিজের হৃদয়ের গভীরতম কন্দরে। ফলে, যত বিপদ আর ঝড়ঝাপ্টাই আসুক না কেন, তোমার রব্ব ঠিকই তোমাকে সেই ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বসিয়ে প্রশান্ত করে দেবেন নিজ দয়ায়। ঠিক তখনই জীবন অনলে দাউদাউ করে জ্বলতে জ্বলতে, জলভরা চোখ আর বুকভরা ব্যথা নিয়ে তোমার হয়তো মনে পড়ে যাবে সেই বিখ্যাত লাইন-
"আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি!"