হে আমার রব,
আমি উপস্থিত...
=================
তাযকিয়াতুন নফস, যুহদ, তাকওয়া ইত্যাদি নিয়ে পড়াশুনা করেছে, কিন্তু ফুযাইল ইবনু ইয়াদ রাহিমাহুল্লাহর নাম শোনেনি এমন লোক খুঁজে পাওয়াই দুষ্কর হবে। এইসব শাস্ত্রের পাতায় পাতায় ছড়ানো ছিটানো আছে তাঁর জীবনের গল্পগাঁথা, তাঁর অনন্য তাকওয়া, অত্যাশ্চর্য যুহদের কথা।
প্রথম জীবনে এই ফুযাইল ইবনু ইয়াদ ছিলেন একজন পথডাকাত। খোরাসানের রাস্তায় গভীর রাতে বাণিজ্য কাফেলা লুট করতেন দলবল নিয়ে।
একবার এক রমনীকে তার ভীষণ ভালো লেগে যায়। ডাকাতি করতে বের হয়ে ভাবলেন, আজ আর এসবে কাজ নেই৷ আজ বরং ভালোবাসার প্রিয়তমাকে একপলক দেখে আসি।
সেই রমনীকে দেখতে তাদের বাড়ির নিকটে চলে আসেন ফুযাইল। এসে দেখেন বাড়ির চারপাশ দেয়াল দিয়ে বেষ্টিত; কোনোভাবেই ভেতরে প্রবেশের সুযোগ নেই। কিন্তু, রমনীকে যে একপলক তার দেখতেই হবে!
তিনি সিদ্ধান্ত নিলেন, দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে পড়বেন৷ যেহেতু ডাকাতি পেশার সাথে যুক্ত, ফলে এইসব কাজ তো তার জন্য একেবারে ডালভাত।
ফুযাইল দেয়াল টপকাতে গেলেন। কিছুদূর হয়তো উঠেছিলেনও। হঠাৎ শুনতে পেলেন, কোথা থেকে যেন গুনগুন শব্দ ভেসে আসছে। এই গভীর নিঁশুতি রাতে সবাই তো বেঘোর ঘুমে আচ্ছন্ন থাকার কথা। এই আওয়াজ তাহলে কীসের?
ফুযাইল ভালোভাবে কান পাতলেন। কোথাও যেন কেউ কুরআন তিলাওয়াত করছে। কে করছে, আওয়াজটা কোথা থেকে আসছে ঠাহর করতে পারলেন না তিনি৷ তবে, তিলাওয়াতেত যে আয়াতাংশ তার কানে এসে লাগল, তা শুনেই জবরদস্ত পাথরের মতো ঠাঁই দাঁড়িয়ে গেলেন ফুযাইল।
সেই গভীর নিঁশুতি রাতে, একেবারে আকস্মিক, অপরিচিত উৎস থেকে শুনতে পাওয়া সেই আয়াতটা ছিল এই—
‘এখনও কি ঈমানদারদের জন্য সময় আসেনি যে—তাদের অন্তর আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার সামনে বিনীত হবে?’ ( আল হাদীদ, ১৬ )
এই আয়াত শুনেই কেমন একটা শীতল পানির স্রোত যেন নেমে গেল ফুযাইল ইবন ইয়াদের শিরদাঁড়া বেয়ে৷ তিনি যেন সম্বিৎ ফিরে ফেলেন। ফুযাইল কেঁদে ফেললেন ঝরঝর করে৷ তিনি ভাবলেন—‘হায়! এ কোন জীবনে রয়েছ তুমি, ফুযাইল?’
ফুযাইল দেরি করলেন না একটুও। আয়াতটা শেষ হওয়া মাত্রই তিনি চিৎকার করে বলে উঠলেন,
‘হ্যাঁ আমার রব! সেই সময় তো এসে গেছে।’
একটামাত্র আয়াত সেদিন বদলে দিয়েছিল ডাকাত-সর্দার ফুযাইল ইবনু ইয়াদের জীবন। একটা আয়াত তাঁকে এতোটাই স্পর্শ করে গেল যে—সেই মুহূর্ত থেকেই তিনি আমূল বদলে ফেললেন নিজের জীবন। আল্লাহর দ্বীনকে জীবনে এমনভাবে জড়িয়ে নিলেন যে, দস্যুদলের সর্দার থেকে তিনি পরিণত হয়েছিলেন যুগশ্রেষ্ঠ ফকীহ, যাহিদ এবং বুযুর্গ ব্যক্তিতে।
ফুযাইল ইবনু ইয়াদের জন্য কুরআনের একটা আয়াতই যথেষ্ট হয়েছিল। অথচ আমাদের সামনে গোটা কুরআনের ৬২৩৬ টি আয়াত, ১১৪ টা আস্ত সুরাই তো রয়েছে। আমরা কেন ফুযাইল ইবনু ইয়াদের মতো করে বলতে পারছি না, ‘সময় হয়েছে হে রব! আমি উপস্থিত?’
✒️ আরিফ আজাদ।







