আজ শনিবার আফগান সংবাদমাধ্যম আফাক নিউজ এজেন্সিকে দেওয়া এক বিশেষ… — Muslim Media — TG.ME

আজ শনিবার আফগান সংবাদমাধ্যম আফাক নিউজ এজেন্সিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইসলামী ইমারাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ইমারাতের সর্বো‌চ্চ নেতা, আফগান রাষ্ট্রপ্রধান শাইখ হিবাতুল্লাহ আখুন্দজাদার ব্যক্তিগত জীবনের কিছু দিক নিয়ে কথা বলেছেন। মুজাহিদ জানান, ইসলামী ইমারাহ প্রধানের বয়স ৫৯ বছর। তিনি অন্যান্য আফগানদের মতোই সাধারণ জীবনযাপন করেন। তিনি মাসিক বেতন হিসেবে মাত্র ২০ হাজার আফগানি পান।
জাবিহুল্লাহ মুজাহিদ ইসলামী ইমারাতের সর্বো‌চ্চনেতার ব্যক্তিগত জীবনের বিষয়ে বলেন,
ইসলামী ইমারাতের প্রধানের বয়স ৫৯ বছর। তিনি সাধারণ জীবনযাপন করেন। তার মাসিক বেতন মাত্র ২০ হাজার আফগানি। তিনি এই বেতনের ওপরই নির্ভর করে জীবনযাপন করেন। কয়েক ঘণ্টার বিশ্রাম ছাড়া তার বেশিরভাগ সময় রাষ্ট্রের সেবায় ব্যয় হয়; দিনের বাকি সময় তিনি ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কাজ, সভা, সফর এবং তত্ত্বাবধানে ব্যস্ত থাকেন।

পাশাপাশি বিভিন্ন দলের সাথে জাতীয় সংলাপ সম্পর্কে এক প্রশ্নের জবাবে ইসলামী ইমারাতের মুখপাত্র বলেন, ইসলামী ইমারাতের মূল অগ্রাধিকার হলো জাতীয় স্বার্থ এবং জনগণের কল্যাণ। তাঁর মতে, দেশের কল্যাণে যে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ সমর্থন করা হবে; কিন্তু রাষ্ট্রদ্রোহ, বিশৃঙ্খলা বা অতীতের বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ করে দেয় এমন কর্মকাণ্ড ইসলামী ইমারাতের কাছে অগ্রহণযোগ্য।

এই মুখপাত্র আরও বলেন:
আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আফগানিস্তানের জাতীয় স্বার্থ এবং দেশের স্থিতিশীলতা। আমরা জাতি ও দেশের স্বার্থে প্রতিটি সিদ্ধান্ত এবং মতামত অনুসরণ করি এবং সমর্থন করি; তবে, এমন সিদ্ধান্ত বা কর্মকাণ্ড যা রাষ্ট্রদ্রোহ, বিশৃঙ্খলা, অথবা পূর্বের বিতর্কিত (গণতন্ত্রপন্থী রাজনৈতিক) ব্যক্তিদের সক্রিয় করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। স্বাভাবিকভাবেই, এই পথে ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়; জাতি এবং জাতীয় স্বার্থই গুরুত্বপূর্ণ।

জাবিহুল্লাহ মুজাহিদ তার বক্তব্যের এক অংশে প্রাক্তন (গণতান্ত্রিক শাসনামলের) রাজনৈতিক ব্যক্তিত্বদের দেশে ফিরে আসার দিকে ইঙ্গিত করে বলেন, অতীতের অভিজ্ঞতা প্রমাণ করেছে রাজনৈতিক মতপার্থক্য আফগানিস্তানকে বিভক্তি এবং সংকটের দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, বর্তমানে জাতীয় ঐক্য এবং জনগণের কল্যাণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই সমস্ত লোকজন দেশে শান্তিতে বসবাস করতে পারেন, অন্যান্য নাগরিকদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তবে দেশের স্থিতিশীলতা এবং শান্তি রক্ষার স্বার্থে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া উচিত নয়।

ইসলামী ইমারাতের মুখপাত্র এই সাক্ষাৎকারে প্রাক্তন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদদের বিষয়ে বলেন:
যদি কেউ রাজনৈতিক দল বা সংগঠন করে বিভাজন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তা দেশেরই ক্ষতি। এইধরনের পথ ও পদ্ধতি এড়িয়ে চলা উচিত। আজ জাতীয় ঐক্যের জন্য দারুণ সুযোগ এসেছে, সকল মানুষের জন্য এক (ইসলামি) ব্যবস্থার ছায়ায় ঐক্যবদ্ধভাবে জাতীয় স্বার্থে কাজ করা প্রয়োজন। আমাদের লক্ষ্য হওয়া উচিত জনগণের জীবন, দেশের উন্নয়ন এবং সাধারণ কল্যাণের স্থিতিশীলতার উপর মনোনিবেশ করা, রাজনৈতিক বিষয় কিংবা ব্যক্তিগত বিরোধ নয়।”

ইমারাতের এই মুখপাত্র আবারও প্রাক্তন সরকারের অবশিষ্ট সামরিক সরঞ্জাম সংরক্ষণের উপর জোর দিয়েছেন। এছাড়া তিনি জানিয়েছেন বাগরাম বিমানঘাঁটিতে কোনো বিদেশী বাহিনীর উপস্থিত থাকার অনুমতি নেই এবং এই ঘাঁটির সকল সুযোগসুবিধা ইসলামী ইমারাতের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আবারও আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠীর অনুপস্থিতির বিষয়টি অস্বীকার করে বলেছেন বর্তমানে সমগ্র আফগানিস্তানের কোথাও কোনও সশস্ত্র বা বিরোধী গোষ্ঠী সক্রিয় নেই।


সৌজন্যে: আফাক নিউজ এজেন্সি
❤11
August 17, 2025 1.7K 1