উহুদের দিন রাসূলুল্লাহ ﷺ মুসলিমদের নিয়ে মুশরিকদের মোকাবিলা করতে বের হয়েছেন।
সেদিন এমন একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন, যিনি এর আগে ইসলাম গ্রহণ করেননি। এমনকি তাঁর গোত্রের লোকেরা তাঁকে ইসলাম গ্রহণের জন্য বললেও তিনি এতদিন পিছিয়ে ছিলেন।
কিন্তু উহুদের দিন হঠাৎ তাঁর অন্তরে ঈমানের আলো জ্বলে উঠল।
তিনি ইসলাম গ্রহণ করেই তরবারি হাতে তুলে নিলেন এবং মুসলিম বাহিনীর সঙ্গে উহুদের ময়দানে চলে গেলেন।
সাহাবীরা তাঁকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন,
“তুমি তো এতদিন ইসলাম গ্রহণ করোনি, তাহলে আজ আমাদের সঙ্গে কেন এসেছ?”
তিনি জানালেন, তিনি আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর প্রতি ঈমান এনেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন।
এরপর তিনি মুসলিমদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন।
যুদ্ধ করতে করতে তিনি মারাত্মকভাবে আহত হলেন। সাহাবীরা তাঁকে তাঁর গোত্রের লোকদের কাছে নিয়ে গেলেন।
তাঁকে জিজ্ঞেস করা হলো,
“তুমি কি গোত্রের পক্ষপাতিত্বের কারণে যুদ্ধে এসেছ, নাকি আল্লাহ ও তাঁর রাসূলের জন্য?”
তিনি বললেন,
“আল্লাহ ও তাঁর রাসূলের জন্য।”
কিছুক্ষণ পরই তিনি ইন্তেকাল করলেন।
ঘটনাটি রাসূলুল্লাহ ﷺ-কে জানানো হলে তিনি বললেন,
“নিশ্চয়ই সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত।”
ভাবুন তো!
একজন মানুষ উহুদের দিন ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর যুদ্ধ করলেন। আহত হলেন এবং কিছুক্ষণের মধ্যেই ইন্তেকাল করলেন।
অর্থাৎ, নামাজ পড়ার সুযোগও তিনি পেলেন না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে মানুষকে বলতেন,
“আমাকে এমন একজন ব্যক্তির কথা বলো, যে কোনো নামাজ আদায় না করেই জান্নাতে প্রবেশ করেছে।”
সাহাবীরা না জানলে তিনি বলতেন,
“তিনি হলেন বনু আবদুল আশহালের উসাইরিম, আমর ইবনু সাবিত ইবনু ওয়াকশ।”
(সুনানে আবু দাউদ: ২৫৩৭)
64August 22, 2026 2.3K 10