জামালপুরে ঘোড়ার মাংস বিক্রির চক্রের সদস্যদের টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ ওঠার পর জামালপুর জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানকে (মেহেদী) দল থেকে বহিষ্কার করেছে ছাত্রদল।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মাহমুদুল হাসানকে বহিষ্কার করা হয়।
গত ২৩ আগস্ট জামালপুর সদর উপজেলার নরুন্দিতে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ ৫ জনকে আটক করে পুলিশ। সেই সাথে ঘোড়ার মাংস বিক্রি চক্রের আরও চার সদস্যকে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়ার কথা বলে নিয়ে টাকার বিনিময়ে সেই চার সদস্যকে ছাত্রদল নেতা মাহমুদুল হাসান ছেড়ে দেন বলে অভিযোগ ওঠে। পরে এই বিষয়ে ২৫ আগস্ট ‘গরুর নামে ঢাকার বাজারে অসুস্থ ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ!’ শিরোনামে সংবাদ প্রচার করে বিভিন্ন গণমাধ্যম। এরই প্রেক্ষিতে এই ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

38
8
4
1August 27, 2026 10.9K 9