বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞা উপজেলায়… — Al Firdaws — TG.ME

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞা উপজেলায় দলটির দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে দুই সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

গণমাধ্যম সূত্র জানায়, ঘটনার দিন সকাল থেকেই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও সাবেক জেলা ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের গ্রুপের মধ্যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল।

এ ঘটনায় পৌর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিকেলে বিবাদমান আকবর গ্রুপের নেতাকর্মীরা স্থানীয় আতাতুর্ক স্কুল মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষ করে বের হওয়ার সময় প্রতিপক্ষ ফটিক গ্রুপের লোকজন ‘ভুয়া, ভুয়া’ বলে ধাওয়া দিয়ে বোতল ছুড়তে থাকে।

এ সময় অপর পক্ষ থেকে জুতা ছুড়ে মারা হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে এক পক্ষ অপর পক্ষের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই সংবাদকর্মীসহ আকবর গ্রুপের ৩৫-৪০ জন এবং ফটিক গ্রুপের ১০-১২ জন আহত হয়েছে বলে জানা গেছে। হামলার জন্য আকবর ও ফটিক গ্রুপ একে অপরকে দায়ী করেছে।
❤2🥰1
September 3, 2026 98