গত ২০ আগস্ট স্থানীয় সাংবাদিক ইসমাইল হোসেন মনিকে অপহরণ করে তার ব্যাগে… — Al Firdaws — TG.ME

গত ২০ আগস্ট স্থানীয় সাংবাদিক ইসমাইল হোসেন মনিকে অপহরণ করে তার ব্যাগে ইয়াবা ঢুকিয়ে স্বীকারোক্তি আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সন্দ্বীপ প্রেস ক্লাব প্রতিবাদ জানালেও নিরাপত্তাহীনতার কারণে ভুক্তভোগী সাংবাদিক থানায় মামলা করতে পারেননি বলে জানা গেছে।

এ ছাড়া গত ২৮ আগস্ট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে রায়হান নামে এক কোরআনের হাফেজকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটে। একই দিনে কালাপানিয়া মাদরাসা মার্কেটে প্রকাশ্যে হাসান সওদাগর নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। এর আগে ২৩ আগস্ট রাতে তুলাতলী বাজারে আকবর হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর দোকানে ঢুকে গুলি চালানোর ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হন।

সম্প্রতি সারিকাইত এলাকায় আফরিন (১৭) নামে এক কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অন্যদিকে হারামিয়া ইউনিয়নে দুই সন্তানের জননী সুকতারা বেগমের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া গাছুয়ায় মেহেদি হাসান (১৯) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ায় এক কিশোরীর অপমৃত্যুর ঘটনা ঘটে।

জানা যায়, মুছাপুর, মগধরা ও দীর্ঘাপাড় আশ্রয়ণ প্রকল্প এলাকায় তিন নারীকে ধর্ষণচেষ্টার ঘটনাও ঘটেছে। পাশাপাশি গত এক সপ্তাহে অন্তত তিন শিশু নিখোঁজ হলেও পরিবারের সদস্যরা নানা আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেননি বলে জানা গেছে।

এদিকে গত দুই সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় এবং উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারীরা কয়েক দফা হয়রানির শিকার হয়েছে। ১৩ আগস্ট ইউএনওর ব্যক্তিগত সহকারী সাখাওয়াত হোসেনকে সড়ক থেকে তুলে নিয়ে হেনস্তা করার অভিযোগ ওঠে। পরে বিষয়টি অনানুষ্ঠানিকভাবে মীমাংসা করা হয় বলে জানা গেছে। তবে নির্বাচন কার্যালয়ের কর্মচারীদের হয়রানির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে রাজনৈতিক চাপ ও নিরাপত্তাঝুঁকির কারণে অনেক কর্মকর্তা দ্বীপ থেকে বদলির চেষ্টা করছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
September 3, 2026 243