আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে… — সমসাময়িক আপডেট, প্রত্যাবর্তন ২.০ লোডিং। — TG.ME

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কেন্দ্রে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই নিষিদ্ধ আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ এগিয়ে চলছে। এরইমধ্যে দলের ভেতরে বাতিল হয়েছে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’-এর ধারণা। এখন শেখ হাসিনাকে ছায়ায় রেখে তুলনামূলক কম বিতর্কিত নেতাদের প্রকাশ্য নেতৃত্বে আনার পরিকল্পনা করা হচ্ছে।
দলটির একাধিক নেতা জানান, শেখ হাসিনার অনুপস্থিতিতে তার নির্দেশনা অনুসারেই এসব নেতা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অন্যতম প্রাচীন এই দল পরিচালনা করবেন।
দেশ ও বিদেশে অবস্থানরত অন্তত ১২ জন আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। এরপর জেলা, উপজেলা ও থানা পর্যায়ের কমিটি এবং দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে।
দলের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, এই পুনর্গঠন প্রক্রিয়ায় আগের অনেক প্রভাবশালী নেতা বাদ পড়তে পারেন। অন্যদিকে দুর্দিনে দলের কাজে সক্রিয় থাকা কয়েকজন নেতা নতুন দায়িত্বে আসতে পারেন।
শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ফলে আওয়ামী লীগের অনেক নেতা দেশে ফেরার আগ্রহ প্রকাশ করছেন। তবে দেশে ফেরার পর তিনি যদি কারাবন্দি হন অথবা দেশে ফিরতে না পারেন, তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী গঠিত নতুন নেতৃত্বই দল পরিচালনা করবে বলে নেতারা মনে করছেন।
দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক টাইমস অব বাংলাদেশ’কে বলেন, শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ তৃণমূলের নেতা-কর্মীরা মেনে নেবেন না। তাই তিনি মূল নেতৃত্বে থাকবেন। পরিস্থিতি বিবেচনা করেই এমন নেতৃত্ব তৈরি করা হচ্ছে, যাতে তারা শেখ হাসিনার নির্দেশনায় দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেন।
August 27, 2026 150