সাভারের শীর্ষ ওলামায়ে কেরামের প্রতি জরুরি আহ্বান সাভারের… — আল-আকসা ♥️ — TG.ME

• সাভারের শীর্ষ ওলামায়ে কেরামের প্রতি জরুরি আহ্বান

সাভারের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের প্রতি বিনীত কিন্তু জোরালো আহ্বান—এই বিষয়ে আর বিলম্ব করার সুযোগ নেই। প্রয়োজনে দ্রুত মিটিং আহ্বান করে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করুন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

আমরা চাই না—কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর সবাই জেগে উঠুক। যখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাবে যে, পিঠ দেয়ালে ঠেকে যাবে—তখন জেগে উঠে লাভ কী? ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে।

বিশেষ করে সাভারের শীর্ষ ওলামায়ে কেরামের সমন্বয়ে একটি তদন্ত ও তদারকি কমিটি গঠন করা জরুরি। ইত্তেহাদের দায়িত্বশীল ভাইদের প্রতি বিশেষভাবে অনুরোধ—আপনারা বিষয়টি সরেজমিনে খোঁজ নিন। সংশ্লিষ্ট মাদ্রাসায় যান, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন এবং প্রকৃত তথ্য উদঘাটন করুন।

মাদ্রাসাটি কওমি, নাকি প্রাইভেট প্রতিষ্ঠান—তার সঠিক পরিচয় ও সংশ্লিষ্টতা পরিষ্কার করুন। অভিযোগ বা ঘটনাটি কতটুকু সত্য, বাস্তবতা কী, কার দায় কতটুকু—সবকিছু নিরপেক্ষভাবে যাচাই করে জাতির সামনে পরিষ্কার করা প্রয়োজন।

ঘটনা সত্য প্রমাণিত হলে প্রশাসনকে সহযোগিতা করুন এবং আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করুন, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এমন কর্মকাণ্ড করার সাহস না পায়।

আজ মনে হচ্ছে, আমরা যেন আবারও কোনো কোনো ক্ষেত্রে জাহেলিয়াতের অন্ধকার সময়ের দিকে ফিরে যাচ্ছি। আর আমাদের অসতর্কতা ও নীরবতাকে মাদ্রাসাবিরোধী মহল সুযোগ হিসেবে ব্যবহার করছে। একটি বিচ্ছিন্ন ঘটনা যখন পুরো কওমি অঙ্গন ও দ্বীনি শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তোলার হাতিয়ার হয়ে যায়, তখন বিষয়টি আর শুধু একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় থাকে না; এটি হয়ে ওঠে সমগ্র দ্বীনি অঙ্গনের ভাবমূর্তি ও ভবিষ্যতের প্রশ্ন।

তাই আল-হাইআতুল উলয়া, বেফাক এবং ছয় বোর্ডসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান—আপনাদের অধীনস্থ প্রতিটি মাদ্রাসার ব্যাপারে যথাযথ তদারকি, জবাবদিহিতা ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নিশ্চিত করুন। কোনো প্রতিষ্ঠানে এমন গুরুতর ঘটনা প্রমাণিত হলে প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি, অধিভুক্তি বা পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির বিষয়টিও কঠোরভাবে বিবেচনা করুন—যাতে ভবিষ্যতে কোনো অনিয়মের দায় পুরো কওমি অঙ্গনের ওপর এসে না পড়ে।

একটি ঘটনা যেন হাজারো মাদ্রাসার সুনাম নষ্ট করার কারণ না হয়।
একজনের অপরাধ যেন পুরো অঙ্গনের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ না পায় কেউ।
আর আমাদের নীরবতা যেন অপরাধীর জন্য আশ্রয় হয়ে না দাঁড়ায়।

এখনই সময়—সত্য উদঘাটনের, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এবং প্রতিষ্ঠানগুলোর ভেতরে জবাবদিহিতার শক্ত ভিত্তি তৈরি করার।

দেরি নয়, এখনই যথাযথ পদক্ষেপ চাই।

• ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
• বৃহস্পতিবার
September 3, 2026 47