অনেকদিন পর দেওনা মাদরাসায় এলাম। দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান… — Muslim Media — TG.ME

অনেকদিন পর দেওনা মাদরাসায় এলাম। দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেবের সাথে আগেও দুবার সাক্ষাত হয়েছে। তবে আজকে উদ্দেশ্য ছিল পীর সাহেবের ব্যক্তিগত স্মৃতিচারণ শোনা। মাগরিবের পর থেকে রাত এগারোটা পর্যন্ত দীর্ঘ মজলিসে বসেছিলাম আমরা। বৈঠকে ঢংগে তিনি বলে গেলেন বিশ্ববিদ্যালয় জীবনের নানা ঘটনা, উঠে এলো আশির দশকের রাজনীতির অনেক অজানা দিক। স্মৃতিচারণ করলেন হজরত মাদানির খলিফা মাওলানা আবদুল হালিম হুসাইনি র কে নিয়েও। গাজিপুরের আলেমদের সম্পর্কেও অনেক নতুন ইতিহাস জানার সুযোগ হলো। কিছু বিষয়ে আমাদের বিব্রতকর প্রশ্নকেও তিনি হাসিমুখে মেনে নেন এবং প্রানবন্ত জবাব দেন। সবশেষে আন্তরিকতাপূর্ন দাওয়াত প্রত্যাখ্যান করার উপায় ছিল না। দস্তরখানে বসে গুরুত্বপূর্ণ কিছু নসিহাহ করলেন৷ আম্মার উল হক বললো, এগুলো নোট করে রাখবো৷ পীর সাহেবের ইতিহাস সচেতনতা মুগ্ধ করার মত। সাধারণত বেশিরভাগ মানুষ স্মৃতিচারণের ক্ষেত্রে ধারাবাহিকতা ঠিক রাখতে পারে না কিংবা ঘটনা আগে পরে করে ফেলেন। অথবা এমন ব্যক্তির সাথে এমন সালের ঘটনা আনেন যখন ওই ব্যক্তি জীবিতই ছিলেন না। যেমন একজন প্রবীণ লেখক তার সাক্ষাতকারে দাবি করেন,  আনোয়ার শাহ কাশ্মিরী ঢাকায় এলে তিনি তার একটি বইয়ের ভুল ধরিয়ে দেন। অথচ তার জন্মই আনোয়ার শাহ কাশ্মিরীর মৃত্যুর কয়েক বছর পরে। এই ধরণের মিশ্রণের কারণে অনেকের স্মৃতিচারণে আগ্রহ ধরে রাখা সম্ভব হয় না। তবে পীর সাহেবের স্মৃতিচারণ ছিল ব্যতিক্রম। বাংলাদেশে ধর্নীয় ঘরানার প্রবীণ ব্যক্তিত্বদের মধ্যে আত্মজীবনি লেখার রেওয়াজ কম। যদি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের আত্মজীবনি সংরক্ষন করা হত তাহলে সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের এক বিরাট ভান্ডার সংরক্ষণ করা যেত। এখন ফিরছি কাপাসিয়া। দুপাশে খোলা মাঠ। প্রচন্ড কুয়াশা। অবাকই লাগছে, এপ্রিলের এ সময় এমন কুয়াশা। রাত গভীর হচ্ছে, চারপাশ নিঝুম। মাথায় ঘুরছে আবু আমর বিন আলাকে বলা  আরব বৃদ্ধের সেই কথা, যা ইবনু আসাকির তারিখু মাদিনাতি দিমাশকে বর্ননা করেছেন, এখনো বেঁচে আছি নতুন নতুন গল্প শুনবো বলে ইমরান রাইহান ।

April 13, 2026 878 1