রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে মোসা. রনজিনা পারভীন নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর হাতব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে এই ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রনজিনা পারভীন চিকিৎসার জন্য বগুড়া থেকে রাজধানীতে এসেছিলেন। তাঁর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। গতরাতে তিনি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস থেকে নামেন। পরে রিকশায় করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। তাঁকে বহনকারী রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রনজিনা রিকশা থেকে রাস্তায় পড়ে যান। এতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি।
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে… — BK Exclusive — TG.ME
August 29, 2026 9.5K 15